ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, জাঞ্জান প্রদেশে বিপুল পরিমাণ মার্কিন-ইসরায়েলি অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে রয়েছে ২ হাজার পাউন্ড ওজনের তিনটি বাংকারবিধ্বংসী বোমাও। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এ অভিযান পরিচালনা করে চলমান যুদ্ধবিরতির মধ্যেই। এতে ৯ হাজার ৫০০টির বেশি বোমার ক্ষুদ্রাংশ (বোম্বেট) উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। এ ছাড়া এফ–১৫, এফ–১৬ ও এফ–৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া ৫২টি অবিস্ফোরিত রকেট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংস করা হয়েছে তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ–৫৭ বাংকার বিধ্বংসী বোমা এবং একই ধরনের আরেকটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জিবি–৩৯ ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করা হয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল এসব অস্ত্র। অবিস্ফোরিত এসব অস্ত্র অপসারণের মাধ্যমে ইরানের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সূত্র: তাসনিম নিউজ, আল মায়াদিন
