পটুয়াখালীর কলাপাড়ায় অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মো. আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার রাতে কাউছার হামিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। তিনি খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আদেশে বলা হয়, গত ১১ মার্চ থেকে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও রুচিবোধে আঘাত লাগে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এছাড়া তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-এর নির্দেশনা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪-এর ৫৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন রেজা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/হিমেল
