আল-হাজমের বিপক্ষে শনিবার রাতে ৪–০ গোলের ব্যবধানে জিতেছে আল-নাসর। বড় জয়ের ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩০ পেরোনোর পর প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে পর্তুগিজ তারকা ছুঁয়েছেন ৫০০ গোলের মাইলফলক। নিজের প্রথম গোলে এই কীর্তি গড়েন রোনালদো, পরে দ্বিতীয় গোলটির মধ্য দিয়ে সেই সংখ্যাকে নিয়ে যান ৫০১–এ।
মাইলফলক স্পর্শের পর রোনালদো বলেছেন, ‘আমি খুবই সুখী। আগেও বহুবার বলেছি, আমি সৌদি আরবেরই মানুষ। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি। আমি এখানেই থাকতে চাই।’
তিনি বলেন, “এটা (সৌদি আরব) এমন একটি দেশ, যারা আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে আপন করে নিয়েছে। আমি এখানে সুখে আছি, এখানেই থাকতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমরা লিগ শিরোপার জন্য চাপ তৈরি করে যেতে চাই। আমরা শীর্ষে আছি। নিজেদের কাজটা ঠিকভাবে করছি, ম্যাচ জিতছি, প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ রাখছি। মৌসুম শেষে কী হয়, দেখা যাবে।”
২০২২ সালের ডিসেম্বরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে পাড়ি জমান রোনালদো। এরপরই আল-নাসরে যোগ দিয়ে বছরে ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতনে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন তিনি। তবে তাঁর আগমনের পর ১০ বারের লিগজয়ী আল-নাসর এখন পর্যন্ত কেবল ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ শিরোপাই জিততে পেরেছে।
শনিবারের জয়ে তারা লিগ টেবিলে আল-হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে শীর্ষে উঠেছে। পাশাপাশি এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে রিয়াদের ক্লাবটি।
মাইলফলক স্পর্শ করার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বেশ প্রশংসাবাক্যও শুনেছেন রোনালদো। ‘সিআর সেভেন’কে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে নিজের টিকটক হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও—শিগগিরই এখানে তোমাকে দেখতে চাই আমরা।’




