News Times BD

ইরানের ঐতিহাসিক স্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল

ইসরায়েল ইরানের ঐতিহাসিক স্থানগুলোতে বোমা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এ অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানের ওপর ইসরায়েলি হামলায় ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কিছু স্থাপনা চতুর্দশ শতাব্দীর।

ইরানের ঐতিহ্যের ওপর এই হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন আব্বাস আরাগচি।

তিনি লিখেছেন, ‘এটিই স্বাভাবিক, যে শাসনের বয়স এক শতাব্দীও পার হয়নি, তারা প্রাচীন ইতিহাস সমৃদ্ধ জাতিগুলোকে ঘৃণা করবে। কিন্তু ইউনেস্কো কোথায়? তাদের এই নীরবতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে, এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দেশটির অভ্যন্তরে প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য-গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।

সূত্র : আল-জাজিরা।

Exit mobile version