সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলায় আমেরিকার একটি অত্যাধুনিক আগাম সতর্কবার্তা প্রদানকারী গোয়েন্দা বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনাও আহত হয়েছেন বলে জানা গেছে।
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, গত শুক্রবার রিয়াদের প্রায় ৮০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই হামলায় ক্ষতিগ্রস্ত বিমানটি মূলত একটি ই-থ্রি সেন্ট্রি মডেলের বিশেষায়িত নজরদারি বিমান। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের ওপর সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এবং সংবেদনশীল আঘাত হিসেবে দেখা হচ্ছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিমানকে লক্ষ্যবস্তু করায় ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর হুমকি শনাক্তকরণ এবং বিমান হামলা পরিচালনার সক্ষমতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। ই-থ্রি সেন্ট্রি বিমানটি মার্কিন বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ‘ফ্লাইং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ হিসেবে পরিচিত, যা আকাশ ও সমুদ্রের ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম।
পিঠের ওপর বিশাল রাডার নিয়ে উড্ডয়ন করা এই বিমানটি যেকোনো আবহাওয়ায় যুদ্ধবিমান পরিচালনা এবং আকাশ যুদ্ধের সমন্বয় করতে পারে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামোর নিরাপত্তা এবং ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
