তেহরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কড়াকড়ির পরও কিউবায় মস্কো তেল পাঠালে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এমন সময়ে এই মস্তব্য করেছেন, যখন নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি রুশ তেল ট্যাঙ্কার কমিউনিস্ট-শাসিত দ্বীপটির দিকে অগ্রসর হচ্ছে।

 

শিপিং ট্র্যাকার মেরিনট্রাফিক জানিয়েছে, ‘আনাতোলি কলোদকিন’ নামের জাহাজটি ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে। জাহাজটি গতকাল রোববার সন্ধ্যায় কিউবার উত্তর-পূর্ব উপকূলের কাছে অবস্থান করছিল এবং মঙ্গলবারের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় মাতানজাস বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে।

ফ্লোরিডায় তার মার-এ-লাগো এস্টেট থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিউবার দিন শেষ, তাদের শাসনব্যবস্থা খারাপ, তাদের নেতৃত্ব খুবই খারাপ ও দুর্নীতিগ্রস্ত এবং তারা এক জাহাজ তেল পাক বা না পাক, তাতে কিছু যায় আসবে না।

তিনি আরও বলেন, আমি বরং তেল ঢুকতে দিতে চাই। রাশিয়া হোক বা অন্য কেউ। কারণ, সাধারণ মানুষের গরম, ঠান্ডা এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধার জন্য জ্বালানি দরকার।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবা তাদের প্রধান আঞ্চলিক মিত্র এবং তেল সরবরাহকারীকে হারিয়েছে। এরপর ট্রাম্প কিউবায় তেল সরবরাহকারী যেকোনো দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেন এবং দ্বীপটি ‘দখল’ করার কথাও ইঙ্গিত দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here