News Times BD

কুমিল্লায় ‘টাকা বিতরণের’ অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক হাবিবুর রহমান হেলালী জামায়াতে ইসলামীর ছালিয়াকান্দি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক।

 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নগদ ২ লাখ টাকাসহ হাবিবুর রহমান হেলালীকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে যাওয়া হয়।

তবে হাবিবুর রহমান হেলালী দাবি করেন, তার কাছে এত টাকা ছিল না। নির্বাচনী কেন্দ্রে দায়িত্ব পালনরত জামায়াতে ইসলামীর এজেন্টদের খাবার খরচের জন্য অল্প কিছু টাকা ছিল। তাকে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, টাকা বিতরণের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম পাঠানো হয়। অভিযুক্তকে আটক করে থানায় নেয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version