আন্তর্জাতিক অঙ্গনে নতুন আরেকটি স্বীকৃতি পেতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ তাঁকে দেওয়া হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ সম্মাননা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গত আড়াই দশক ধরে এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রিয়াঙ্কা। বলিউড ও হলিউড—উভয় অঙ্গনে সমান দক্ষতায় কাজ করে তিনি বিশ্বব্যাপী অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। পরের বছর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। এরপর ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান সুদৃঢ় করেন প্রিয়াঙ্কা। জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে তিনি ‘সিটাডেল’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেছেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।
অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন প্রযোজক, গায়িকা ও লেখক হিসেবেও পরিচিত। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবেল পিকচার্স আঞ্চলিক ভাষার গল্পকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে। তাদের প্রযোজনায় নির্মিত ‘দ্য হোয়াইট টাইগার’ অস্কার মনোনয়নও পেয়েছিল।
সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রিয়াঙ্কা। এর আগে তিনি পদ্মশ্রীসহ একাধিক সম্মাননা পেয়েছেন।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, শিল্পের কোনো সীমানা নেই। ভাষা, ভূগোল বা সংস্কৃতি যাই হোক, একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করছে।
একই অনুষ্ঠানে কিংবদন্তি অ্যাকশন তারকা জেট লি পাবেন ‘গোল্ড লিজেন্ড অনার্স’, আর সিমু লিউ পাচ্ছেন ‘গোল্ড মোগল অনার্স’।
