News Times BD

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী

চট্টগ্রামের হালিশহরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পৌঁছান।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন। পরে তিনি দগ্ধদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত অবহিত করেন।

সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রীরা। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, “একই পরিবারের নয়জন অগ্নিদগ্ধের এ ঘটনা খুবই মর্মান্তিক। ভর্তিকৃত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আমরা তাদের আশ্বস্ত করেছি।”

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, “প্রতি বছর মানবসৃষ্ট দুর্যোগে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আজ (মঙ্গলবার) সকালে কুমিল্লার দাউদকান্দিতেও এরকম আরেকটি দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এরকম দুর্ঘটনা কমানোর বিষয়ে অন্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করার পরিকল্পনা করছি।”

উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট নয়জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন।

নিহতরা হলেন- নুর জাহান আক্তার রানী (৪০), সামির আহমেদ সুমন (৪০) ও শাওন (১৬)।

এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), আনাস (৭), আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে।

Exit mobile version