ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘চিকনি চামেলি’ এবং এই ধরনের আবেদনময়ী গান গাওয়া নিয়ে মুখ খুলেছেন। এক পডকাস্টে তিনি জানান, এই গানটি গেয়ে তিনি মোটেও লজ্জিত নন, তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি আর এমন কোনো গানে কণ্ঠ দিতে চান না।
শ্রেয়া স্পষ্ট করেন যে, সময়ের সঙ্গে সঙ্গে গানের কথা ও বিষয়বস্তু নিয়ে তিনি অনেক বেশি সচেতন হয়েছেন। অতীতে যখন তিনি এই গানটি গেয়েছিলেন, তখন অনেক শব্দের গভীর অর্থ বোঝার মতো পরিপক্বতা তার ছিল না। কিন্তু এখন তিনি মনে করেন, একজন শিল্পীকে তার কাজের দায়ভার আজীবন বহন করতে হয়।
পডকাস্টে শ্রেয়া আরও জানান, ‘চিকনি চামেলি’ জনপ্রিয় হওয়ার পর তার কাছে এমন অনেক গানের প্রস্তাব এসেছিল যার শব্দচয়ন ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করার মতো। উদাহরণ হিসেবে তিনি জানান, তার এক সুরকার বন্ধু একবার তাকে এমন এক গানের প্রস্তাব দিয়েছিলেন যার কথা ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ, যা শুনে তিনি লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন এবং তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করেন।
শ্রেয়ার মতে, আবেদনময়ী হওয়া আর কাউকে স্থূলভাবে উপস্থাপন করার মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে, যা বজায় রাখা জরুরি।
গত বছর লিলি সিং-এর সঙ্গে এক আড্ডাতেও শ্রেয়া একই ধরনের মন্তব্য করেছিলেন, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ট্রোলিংয়ের শিকার হতে হয়। নেটিজেনদের একাংশ তাকে ‘ভণ্ড’ বলে কটাক্ষ করেন এই কারণে যে, তিনি একদিকে এই ধরনের গান গাইতে অনিচ্ছা প্রকাশ করছেন, আবার কনসার্টে সেই গানটিই পরিবেশন করছেন।
এর জবাবে শ্রেয়া বলেন, আমি গানটিকে ভালোবাসি এবং এটি আমারই গান, তাই আমি এটি অস্বীকার করতে পারি না। কিন্তু যখন ছোট ছোট শিশুরা এই গানের অর্থ না বুঝে আমার সামনে পারফর্ম করে, তখন আমি কিছুটা অস্বস্তি বোধ করি।
বর্তমানে শ্রেয়া তার ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত আছেন এবং সম্প্রতি আমাল মালিকের সঙ্গে তার ‘ইয়াহিন গুজার দুন’ গানটি বেশ প্রশংসিত হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস




