News Times BD

জবিতে ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ‘প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন’ বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রী এবং জকসু ‘অপরাজিতার অগ্রযাত্রা’ হল সংসদের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আর্নিকা আরাফাতের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সার্বিক সহায়তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ্রীনভয়েস শাখা ও বহ্নিশিখা।
​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন স্পেশালিস্ট ও আজগর আলী হাসপাতালের কনসালটেন্ট ড. ঈশিতা বিশ্বাস। তিনি শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত সচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন মৌলিক দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
​কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত ‘Yoga for Women’ সেশনটি পরিচালনা করেন যোগা স্পেশালিস্ট বৈশাখী মুখার্জী। সেশনে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতায় যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ব্যবহারিক অনুশীলন করানো হয়।
​অনুষ্ঠানের উদ্যোক্তা জকসু হল সংসদের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এবং ছাত্রদল নেত্রী আর্নিকা আরাফাত বলেন, “জকসু নির্বাচনে ভোটারদের বিশ্বাসের জায়গা থেকেই এটি আমার দ্বিতীয় উদ্যোগ। শিক্ষার্থী কল্যাণমূলক এমন কাজ সামনেও অব্যাহত থাকবে। পরিবেশ ও সমাজকল্যাণমূলক কাজ আমি শুধু দায়িত্ববোধ থেকে নয়, হৃদয়ের তাগিদ থেকেই করি।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক ও গ্রীনভয়েস কেন্দ্রীয় সদস্য আলমগীর কবির বলেন, “নারী স্বাস্থ্যকে খরচ নয়, বরং বিনিয়োগ হিসেবে দেখতে হবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখবে।”
​অনুষ্ঠানে জবি ছাত্রদল হল কমিটির সাধারণ সম্পাদক ফারজানা রিমিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version