News Times BD

ট্রু প্রমিজ ৪: ৮৮তম ধাপে ইসরায়েলি জাহাজ-মার্কিন মেরিন সেনাদের ওপর হামলা

পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে মার্কিন এবং ইসরায়েলের বিভিন্ন টার্গেটে শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। 

আজ মঙ্গলবার ভোরে ‘অপারেশন ট্রু প্রমিস ৪-এর ৮৮তম ধাপে এই হামলা চালানো হয়। আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানে অত্যন্ত নিখুঁতভাবে শত্রুপক্ষের একাধিক কৌশলগত অবস্থান ধ্বংস করা হয়েছে।

 

বিবৃতি অনুযায়ী, পারস্য উপসাগরের মাঝামাঝি অবস্থানে থাকা ‘এক্সপ্রেস হাফং’ নামক একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে মার্কিন মেরিন সেনাদের একটি গোপন আস্তানায় ড্রোন হামলা চালিয়ে সেটি সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছেন ইরানের নৌবাহিনী। জানা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ওই সেনারা নিয়মিত সামরিক ঘাঁটির বাইরে আত্মগোপন করেছিল। 

এছাড়া বাহরাইনের মানামা বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের একটি ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা এবং কুয়েতে অবস্থিত ‘জাবের আল-আহমাদ’ সামরিক ঘাঁটির দুটি উন্নত আর্লি ওয়ার্নিং রাডারও আইআরজিসির ড্রোন হামলায় অকেজো হয়ে গেছে।

আইআরজিসি জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শত্রুপক্ষের যেকোনো ছোটখাটো উসকানিমূলক পদক্ষেপের কড়া জবাব দেওয়া হবে। 

২৮ ফেব্রুয়ারি ইরান বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি তেহরানের পক্ষ থেকে ৮৮তম বড় ধরনের পাল্টা আঘাত। গত সোমবারও আইআরজিসি নেভি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির শাহাদাতের বদলা হিসেবে ৮৭তম ঢেউয়ের অভিযান পরিচালনা করেছিল। সাম্প্রতিক দিনগুলোতে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি মার্কিন সামরিক সাপ্লাই চেইনের সাথে যুক্ত বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামোতেও হামলার পরিধি বাড়িয়েছে ইরান। 

সূত্র: প্রেস টিভি

Exit mobile version