ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে ইতালি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্ট নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা। নরওয়ে দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন।
নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আমরা সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী। এর আগে, গত শনিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ফুল ও মিষ্টি পাঠান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান।




