News Times BD

তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জটিলতায় জ্বালানি তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা দিল সৌদি আরামকো।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা বিশ্বব্যাপী তেল বাজারের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

 

তিনি আরও বলেন, অস্থিরতা যত দীর্ঘ সময় ধরে চলবে, ততই তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও দামের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। সৌদি আরবেও মার্কিন স্থাপনায় হামলা হয়েছে। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।

এই আগ্রাসনে বহু মানুষ নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারিয়েছেন মার্কিন হামলায়। এখনও দু’পক্ষ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষেই কথা বলছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আল-খারজ গভর্নরেটের পূর্ব দিকে একটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, আল-জুলফি গভর্নরেটে একটি ড্রোন আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, যার ফলে কিছু সম্পদের ক্ষতি হয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

Exit mobile version