News Times BD

দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: বাংলাদেশের বেসরকারি দক্ষতা উন্নয়ন খাতের অগ্রগতি, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং বৈদেশিক কর্মসংস্থানের সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ফিলিপাইনের মাননীয় রাষ্ট্রদূত মিসেস নিনা পি. কেইংলেট (H.E. Nina P. Cainglet)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSD Foundation)-এর একটি প্রতিনিধিদল।

২৩ নভেম্বর ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন BPSSD Foundation এর সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

সাক্ষাৎকালে বাংলাদেশের বেসরকারি দক্ষতা উন্নয়ন খাতের কার্যক্রম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা, শিল্পখাতের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ (TVET), আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য কর্মী প্রস্তুতকরণ এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ফিলিপাইনের দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা ও অভিজ্ঞতার সঙ্গে ফিলিপাইনের সফল উদ্যোগ ও প্রশিক্ষণ মডেলের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কীভাবে নতুন সম্ভাবনা তৈরি করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

রাষ্ট্রদূত ফিলিপাইনের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থান খাতের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এসব অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। পাশাপাশি প্রশিক্ষণের সঙ্গে ভাষাগত দক্ষতা, ব্যবহারিক অভিজ্ঞতা, পেশাগত প্রস্তুতি এবং আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা যুক্ত করার গুরুত্ব আলোচনায় উঠে আসে।

BPSSD Foundation প্রতিনিধিদল বাংলাদেশের বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে। উভয় পক্ষ ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন—
জনাব এস. আই. মজুমদার — সহ-সভাপতি, জনাব মো. মারুফ হোসেন — সাধারণ সম্পাদক,
মোছা. মমতাজ বেগম — সহ-সভাপতি,
জনাব আলিউজ্জামান মিনা — কোষাধ্যক্ষ,
জনাব মো. আনিসুজ্জামান — উপদেষ্টা
জনাব মো. মোসলেহ উদ্দিন দিপু — কনসালটেন্ট

সাক্ষাৎটি বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক কর্মসংস্থান বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। BPSSD Foundation আশা প্রকাশ করে, এ যোগাযোগ ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগের নতুন সুযোগ সৃষ্টি করবে।

Exit mobile version