News Times BD

দিল্লিস্থ বাংলাদেশ মিশনে ভিসা সেবা চালু

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে নাটকীয় পরিবর্তন শুরু হয়েছে। দুই দেশের টানাপোড়েন কাটিয়ে দিল্লির বাংলাদেশ মিশনে ফের ভিসা পরিষেবা চালু হয়েছে। শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা ইস্যু করা শুরু করেছে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় এমন পরিবর্তন সামনে এলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে দিল্লির সঙ্গে বিদ্যমান অস্বস্তি দূর করতে এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে চাইছে বিএনপি সরকার।

গত ডিসেম্বরে ভারতের আধিপত্যবাদবিরোধী তরুণ নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। বাংলাদেশে সেই সময় ব্যাপক ভারতবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দুই দেশই তাদের কনস্যুলার ও ভিসা সেবা স্থগিত করে দেয়। গত ডিসেম্বরেও ব্যবসা ও কাজের (ওয়ার্ক পারমিট) ভিসা চালু থাকলেও পর্যটন ও মেডিকেল ভিসার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ ছিল। এখন থেকে সব ধরনের ভিসাই পুনরায় চালু হলো।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিদায়ের পর তারেক রহমান ক্ষমতা গ্রহণের সঙ্গে সাঙ্গেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ হাই কমিশন ভিসা সেবা চালুর একদিন আগেই ভারতের এক ঊর্ধ্বতন কনস্যুলার কর্মকর্তা জানিয়েছেন, ভারতও খুব শীঘ্রই বাংলাদেশে তাদের সব ভিসা কেন্দ্র পুনরায় চালু করবে।
সূত্র মতে, শুক্রবার সকাল থেকেই দিল্লির বাংলাদেশ হাই কমিশন সব ধরনের কনস্যুলার সেবা প্রদান শুরু করেছে। এর ফলে ভারতীয় পর্যটক এবং চিকিৎসার জন্য বাংলাদেশে আসতে ইচ্ছুক ব্যক্তিরা এখন থেকে সহজেই ভিসা পাবেন। কূটনীতিকরা মনে করছেন, দুই দেশের মধ্যে ঝুলে থাকা বিভিন্ন সমস্যার সমাধানে এই ভিসা সেবা চালু হওয়া একটি বড় ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে কাজ করবে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই দ্রুত সিদ্ধান্তকে দিল্লির পক্ষ থেকেও ইতিবাচকভাবে দেখা হচ্ছে। প্রতিটি পদক্ষেপই ইঙ্গিত দিচ্ছে যে, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ গত কয়েক মাসের তিক্ততা ভুলে আবারও সহযোগিতার পথে হাঁটতে চায়।

Exit mobile version