News Times BD

দুই চ্যাম্পিয়নের ধ্রুপদি লড়াই

সুপার কম্পিউটার পরিসংখ্যান বিশ্লেষণ করে মত দিয়েছে, দিন কয়েক পর শুরু হওয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে স্পেন। এই সম্ভাবনা ১৬ শতাংশেরও বেশি। সুপার কম্পিউটারের বিশ্লেষণ বলছে, ফেবারিটের তালিকায় শীর্ষ চারে আরও আছে ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তবে স্পেনের সম্ভাবনা নিয়ে ফুটবল বিশ্লেষকরা বেশ আগে থেকেই সরব। দলটি সত্যিই অসাধারণ। লামিন ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো, ফেরান তোরেস, রদ্রিরা বর্তমান ফুটবলের সেরা তারকা। প্রতিটা পজিশনেই একাধিক বিকল্প আছে স্পেনের। এ কারণেই শীর্ষ ফেবারিট দলটি। তবে বিপদও কম নয়। ‘এইচ’ গ্রুপে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে আছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন (১৯৩০ ও ১৯৫০) উরুগুয়ে।

বিশ্বকাপে একই গ্রুপে সাবেক দুই চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০২২ সালে ‘ই’ গ্রুপে স্পেন-জার্মানি মুখোমুখি হয়েছিল। সেবার জাপানিদের অদম্য শক্তির কাছে পরাজয় মেনে নিয়ে জার্মানি বিদায় নেয়। ২০১৪ সালে সাবেক দুই চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইংল্যান্ড ছিল একই গ্রুপে (ডি)। সেবার বিদায় নেয় ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০১০ সালে উরুগুয়ে ও ফ্রান্স ছিল একই গ্রুপে (এ)। বিদায় নেয় ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ২০০২ সালে উরুগুয়ে ও ফ্রান্স ছিল একই গ্রুপে (এ)। সেবারও বিদায় নেয় ফরাসিরা। ইতিহাস বলছে, উরুগুয়ের সঙ্গে একই গ্রুপে খেলাটা খুব সুখকর হয় না সাবেক চ্যাম্পিয়নদের জন্য। স্পেনের জন্য কি অপেক্ষা করছে, তাই এখন বড় প্রশ্ন?

ফুটবল মাঠে স্পেন-উরুগুয়ে লড়াই হয়েছে মোট ১০ বার। এর মধ্যে একবারও জয়ের স্বাদ পায়নি উরুগুয়ে। স্পেন জয় পেয়েছে পাঁচবার। ২০০৫ সাল থেকে টানা তিনবার জয় পেয়েছে স্পেনীয়রা। অজেয় স্পেনকে কি জয় করতে পারবে উরুগুয়ে? বলা কঠিন। বিশ্বকাপের হিসাবটাই ভিন্ন ধরনের। ফিফা র‌্যাঙ্কিংয়ে স্পেন দুই এবং উরুগুয়ে ১৭ নম্বরে আছে। ‘এইচ’ গ্রুপে উরুগুয়ে ছাড়াও আছে আফ্রিকার নতুন ফুটবল শক্তি কেপ ভার্দে। দলটি ফিফা র‌্যাঙ্কিংয়ে আছে ৬৯ নম্বরে। ২০২৩ সালে তারা আফ্রিকান নেশন্স কাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। এটাই ফুটবলে দেশটির সেরা অর্জন। স্পেন কিংবা উরুগুয়ের মতো দলের সঙ্গে খেলতে পারাই দলটির জন্য বড় ভাগ্যের ব্যাপার। তবে এই গ্রুপে আছে সৌদি আরবও। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৬১ নম্বরে। এশিয়ার এই ফুটবল শক্তি স্পেনের সঙ্গে খেলেনি কখনো। তবে উরুগুয়ের সঙ্গে তিনবার খেলেছে। একটি করে জয়, ড্র ও পরাজয় আছে। বিশ্বকাপের মঞ্চে সৌদি আরব দারুণ কিছু করে দেখাতেও পারে!

‘এইচ’ গ্রুপে শীর্ষ ফেবারিট স্পেন। নকআউট পর্বে তাদের সঙ্গী হতে পারে উরুগুয়ে। তবে অতীতের হিসেব কাজে লেগে গেলে শীর্ষ ফেবারিট স্পেনেরও বিপদ আছে। উরুগুয়ের সঙ্গে কোনো চ্যাম্পিয়নের খেলা শুভকর নয়! অন্তত কয়েকটা বিশ্বকাপের ইতিহাস তাই বলে। তা ছাড়া ৪৮ দলের বিশ্বকাপে কোন দিক দিয়ে কে মাথা তুলে দাঁড়িয়ে যাবে, জানার উপায় কী! গত বছর জাপান যেমন স্পেন ও জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছিল। এবার সেই চমক কারা দেখাবে, বলা কঠিন।

বিশ্বকাপে গত তিনটি আসরে খুবই বাজে পারফরম্যান্স করেছে স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছে। ২০১৮ ও ২০২২ সালে বিদায় নিয়েছে শেষ ষোলো থেকে। ২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়ার আগের বিশ্বকাপগুলোতেও স্পেনের পারফরম্যান্স ছিল প্রায় একই রকম। ১৯৯৮ সালে গ্রুপ পর্ব। ২০০২ সালে কোয়ার্টার ফাইনাল। ২০০৬ সালে শেষ ষোলো। তবে কি এবারও স্পেন কিছু একটা করে দেখাবে? ‘এইচ’ গ্রুপে উরুগুয়ে গতবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে ২০১৮ সালে খেলেছে কোয়ার্টার ফাইনাল। ২০১৪ সালে খেলেছে শেষ ষোলো। দুই বিশ্বচ্যাম্পিয়নের সামনে লড়াইয়ের বিকল্প নেই এবার। সেই লড়াই দেখতে কেমন হবে, তা সময়ই বলে দেবে। তবে ফুটবলপ্রেমীরা ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় অধীর হয়ে আছেন!

Exit mobile version