নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় ১৫০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনির হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬), মো. আমির হোসেনের ছেলে ফাহিম (২২) ও মৃত শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসলাম (২২)। তারা সবাই উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকার বাসিন্দা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। আগামীতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানা তিনি।
