News Times BD

পরমাণু বোমা তৈরির অনুমোদন দিতে খামেনির প্রতি ইরানি এমপির আহ্বান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পরমাণু বোমা তৈরির অনুমোদন চেয়েছেন দেশটির আইনপ্রণেতা মাহমুদ নবাভিয়ান। পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে ইরানের দীর্ঘদিনের অবস্থান পুনর্বিবেচনার দাবি জোরালো হওয়ার মধ্যে তাঁর এ আহ্বান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নবাভিয়ান জানান, ইরানের পবিত্র নগরী কোমে আয়োজিত একটি সমাবেশে তিনি পরমাণু বোমা তৈরির প্রস্তাব উত্থাপন করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

ইরানের কয়েকজন আইনপ্রণেতা সম্প্রতি দেশটির দীর্ঘদিনের পরমাণু অস্ত্রবিরোধী নীতি পুনর্বিবেচনার পক্ষে অবস্থান নিয়েছেন। এমন পরিস্থিতিতেই পরমাণু বোমা তৈরির জন্য সর্বোচ্চ নেতার অনুমোদন চাইলেন নবাভিয়ান।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ধর্মীয় ফতোয়ার মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তেহরানও বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তবে গত সেপ্টেম্বরে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছিলেন, পরমাণু অস্ত্রের বিষয়ে দেশটি এখনো ধর্মীয় ফতোয়া ও বিদ্যমান নীতিতে অটল রয়েছে। পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলেও জানান তিনি। তবে ভবিষ্যতে পরিস্থিতি কী দাঁড়াবে, তা তাঁরা জানেন না বলে মন্তব্য করেছিলেন রেজায়ি।

চলমান সংঘাতের মধ্যে ইরানের পরমাণু নীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে পরমাণু বোমা তৈরির অনুমোদন চেয়ে নবাভিয়ানের আহ্বান দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Exit mobile version