চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন নাসার আর্টেমিস দুই অভিযানে অংশ নেওয়া চার নভোচারী। বর্তমানে তারা মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস জন পি মুরথায় অবস্থান করছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।

বাংলাদেশ সময় সকাল ছয়টা সাত মিনিটের দিকে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এরপর তাদের উদ্ধার করে প্রথমে একটি নৌযানে তোলা হয় এবং পরে হেলিকপ্টারে করে জাহাজে নেওয়া হয়।

 

জাহাজে পৌঁছানোর পর ফ্লাইট ডেকে নামার পরই হাসিমুখে ছবি তুলতে দেখা যায় নভোচারী ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভারকে। পরে তাদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়।

চিকিৎসকেরা তাদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পর্যবেক্ষণ করছেন। প্রাথমিকভাবে সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে নাসা।

আর্টেমিস দুই অভিযানের এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং জানান, নভোচারীরা সবাই খুশি এবং সুস্থ রয়েছেন। তিনি বলেন, ভিক্টরকে হাসিমুখে দেখেছি, সবাই ভালো অবস্থায় আছে এবং হিউস্টনে ফিরতে প্রস্তুত।

নভোচারীরা জাহাজের ডেকে হাঁটাহাঁটি করেছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করেছেন।

নাসার কর্মকর্তারা জানান, তাদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এখন অগ্রাধিকার। ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় আগামীকাল সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যেকোনো সময় তারা হিউস্টনের জনসন স্পেস সেন্টারে পৌঁছাবেন।

এদিকে আর্টেমিস তিন অভিযানের নভোচারীদের নাম কবে ঘোষণা করা হবে, এমন প্রশ্নে সংক্ষেপে শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here