সেনা কর্মকর্তা ও ডিজিএফআই-এর ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণাকে কেন্দ্র করে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আইএসপিআর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটি প্রতারক চক্র সাধারণ জনগণকে ভয়ভীতি প্রদর্শন এবং অসদুপায়ে বিভিন্ন সুবিধা আদায় করতে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করছে।
প্রতারণাকারীরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনা কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানাচ্ছে, কোনো ধরনের ব্যক্তিগত ফোন কল বা বার্তার মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ করা হয় না। যদি কেউ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে অথবা অসদুপায়ে সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে মোবাইল নম্বরসহ অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সেনাবাহিনী সকলকে ভুয়া পরিচয় ব্যবহার করে পরিচালিত প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে।’
