প্রতিবেশী কয়েকটি দেশে হামলা চালানোর কারণ ব্যাখ্যা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এসব হামলা মূলত যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাব।

সিবিএস নিউজে এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র আঞ্চলিক মিত্র দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাচ্ছে।

 

তিনি বলেন, এসব দেশ তাদের মাটি আমেরিকান বাহিনীকে দিয়েছে, যাতে তারা আমাদের ওপর হামলা চালাতে পারে।

আরাগচি প্রশ্ন তুলে বলেন, তাহলে আমরা কী করব? বসে বসে দেখব যে আমেরিকান বাহিনী তাদের ভূখণ্ড থেকে আমাদের ওপর হামলা চালাচ্ছে?

তিনি জানান, ইরান শুধু মার্কিন স্বার্থ ও স্থাপনাগুলোকে লক্ষ্য করছে।

তার ভাষায়, আমরা শুধু আমেরিকান সম্পদ, আমেরিকান স্থাপনা এবং আমেরিকান সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করছি। এগুলো সবই আমেরিকার।

উল্লেখ্য, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্য ইরান আঞ্চলিক কয়েকটি দেশে থাকা মার্কিন স্থাপনায় হামলা চালাচ্ছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন আরাগচি। তিনি বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ পুরোপুরি বন্ধ করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য দেশের জাহাজগুলোকে নিরাপদে পার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণে সেখানে অনিরাপত্তা তৈরি হয়েছে।

আরাগচির ভাষায়, আমরা জাহাজ চলাচলের নিরাপত্তা দিচ্ছি। কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কারণে পরিস্থিতি অনিরাপদ হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here