বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের তফসিল শিগরগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সোমবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
আনোয়ারুল ইসলাম বলেন, এই আসনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে। শিগগিরই জানতে পারবেন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একসঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। তাই সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা জ্ঞাপন করলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
সংবিধান অনুযাযী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে তার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।
অন্যদিকে, ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।




