বিএনপিতে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে বিএনপিতে যোগ দেন জাকসুর ভিপি।
এসময় জাকসুর ভিপি বলেন, আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা, ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪-এর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের চেতনাকে যে দলগুলো ধারণ করে সেখানে ভবিষ্যতে রাজনীতি করব বলে আগেই জানিয়েছিলাম। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে চারটি বিষয় উল্লেখ করলাম তারা সেগুলো মানে এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ পন্থী রাজনীতি এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির মাধ্যমেই বাংলাদেশ পন্থী যে রাজনীতি, বাংলাদেশের ভাগ্য বদলের রাজনীতি সেটি সম্পন্ন করতে পারব।
এসময় জিতু ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। তারা এদিন যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
ছাত্রদলে যোগদান করেছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ, শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
