News Times BD

বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে স্কুলড্রেস, স্কুলব্যাগ ও জুতা পাবে। আগামী জুলাইয়ে সারাদেশের প্রতিটি উপজেলার দুটি প্রাথমিক স্কুলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব উপহার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এসব জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অন্যরা অংশ নেন।

এহছানুল হক মিলন বলেন, ইতোমধ্যে আমরা প্রাথমিকভাবে এক লক্ষ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা প্রদানের কমিটমেন্ট পেয়েছি বিজিএমইএ’র পক্ষ থেকে। প্রাথমিকভাবে এটি শুরু হবে শুধু প্রাথমিক বিদ্যালয়ের জন্য। সরকারের এ উদ্যোগের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীরাও এগিয়ে এসেছেন। আগামী দিনেও তারা এই সহযোগিতা করবেন। 

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছরে এটি পাইলট আকারে শুরু হচ্ছে। আগামী অর্থবছরে বড় আকারে শুরু হবে। ক্রমেই প্রতিটি উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে।

তিনি বলেন, সারা দেশে ছেলে শিক্ষার্থীরা এক কালারের ব্যাগ, জামা ও জুতা পাবে। একইসঙ্গে সব মেয়েরা পাবে একই ধরনের জামা, জুতা ও ব্যাগ। এর কোনো ব্যত্যয় হবে না।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে পড়াশোনা করেন, বিনামূল্যে বই পান, মিড ডে মিল পান, এখন থেকে শিক্ষার্থীরা জামা, জুতা, পাটের তৈরি স্কুল ব্যাগ পাবে। অভিভাবকরা নিশ্চিন্ত থাকবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে কোনো অর্থ ব্যয় হবে না।

অনুষ্ঠানে অংশ নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, শিক্ষার্থীদের জন্য সরকারের উদ্যোগের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। সারাদেশের প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও জুতা দেব আমরা। পরবর্তীতে ইলেকট্রিক্যাল বাস দেয়া হবে স্কুলগুলোতে।

Exit mobile version