News Times BD

বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’: ফিফা

চলতি বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আসন্ন এই মেগা ইভেন্টের টিকিটের মূল্য প্রকাশের পর থেকেই সমালোচনা শুরু হয়। তবে সমালোচনার মধ্যেই বিশ্বকাপ ঘিরে ‘অভূতপূর্ব’ আগ্রহের দাবি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, প্রায় ৭০ লাখ টিকিটের বিপরীতে চার সপ্তাহে জমা পড়েছে ৫০ কোটি ৮০ লাখ (৫০৮ মিলিয়ন) আবেদন। তার দাবি, ১০৪টি ম্যাচের সব টিকিটই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছেন, বিপুল সংখ্যক আবেদন কি ‘বট’ বা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এসেছে? ফিফা অবশ্য অভিযোগ নাকচ করে বলেছে, প্রতিটি আবেদন পৃথকভাবে যাচাই করা হয়েছে।

 

ইনফান্তিনো নির্দিষ্ট করে জানাননি কোন ম্যাচে কত আবেদন পড়েছে। পরে ফিফার একটি সূত্র জানায়, সভাপতি আসলে বোঝাতে চেয়েছেন সব ম্যাচই বিক্রি হয়ে যাবে বলে তাদের প্রত্যাশা রয়েছে। কিছু টিকিট শেষ মুহূর্তের বিক্রির জন্য সংরক্ষিত আছে।

প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ থেকে ফিফার আয় হতে পারে প্রায় ১১ বিলিয়ন ডলার বা তারও বেশি—এমন ধারণাও দিয়েছেন ইনফান্তিনো। তার ভাষ্য, এই অর্থ ফিফার ২১১টি সদস্য দেশে ফুটবল উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

এদিকে সমর্থক সংগঠনগুলো টিকিটের মূল্যকে ‘অতিরিক্ত’ বলে আখ্যা দিয়েছে। পুনঃবিক্রয় সাইটগুলোতেও ইতোমধ্যে রেকর্ড দামে টিকিট বিক্রির খবর পাওয়া যাচ্ছে।

Exit mobile version