নিজের বাড়ির রাস্তায় গাড়ি ঢোকাতে গিয়ে বেড়িবাঁধের ওপর লাগানো প্রায় ২০টির বেশি গাছ কাটার অভিযোগ ওঠা সেই নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত ওই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মিঠামইন উপজেলা সভাপতি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এর বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ী নিয়ে তার বাড়ী যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এধরণের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন-যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ।
সুতরাং এধরণের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এর বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালে নদীভাঙন রোধে বেড়িবাঁধে গাছ রোপণ করা হয়। ওই গাছগুলো দীর্ঘদিন ভাঙন প্রতিরোধে ভূমিকা রাখছিল। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশের সুবিধার্থে তিনি ধাপে ধাপে গাছগুলো কেটে ফেলেন।
