ব্রেন টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসে তিনি জানান, বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন এবং বাসায় বিশ্রামে রয়েছেন।
বুধবার (৪ মার্চ) ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি বলেন, সাধারণত ব্রেন টিউমারের অস্ত্রোপচারে ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। তবে তার ক্ষেত্রে অস্ত্রোপচার সম্পন্ন করতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে। অস্ত্রোপচারের পর কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে থাকতে হয়েছিল বলেও জানান তিনি।
অস্ত্রোপচারের পর জ্ঞান ফেরার মুহূর্তের কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, চোখ খোলার সঙ্গে সঙ্গেই তিনি মাকে খুঁজছিলেন এবং চিকিৎসকদের বলছিলেন যে তিনি ভালো আছেন।
তানিয়া বৃষ্টি আরও জানান, অস্ত্রোপচার ও নিয়মিত ওষুধ সেবনের কারণে তার ওজন কিছুটা বেড়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবার জিমে গিয়ে নিজেকে ফিট করে অভিনয়ে নিয়মিত হতে চান তিনি।
এ সময় নতুন কাজ নিয়েও সুখবর দেন অভিনেত্রী। তিনি জানান, আসন্ন ঈদে তার অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে। কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
