News Times BD

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: প্রতিক্রিয়ায় যা বলল তেলাপোকা পার্টি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

শিক্ষামন্ত্রীর পদত্যাগের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির আলোচিত তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)।

শনিবার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে দলটি লিখেছে, ‘ছাত্রশক্তির জয় হোক’। দেশটির জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং জবাবদিহিতার দাবিতে গেল জুন মাস থেকে দিল্লির জন্তর মন্তরে অবস্থান ধর্মঘট করে আসছে দলটি।

প্রতিবেদনে বলা হয়, সিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে ‘এক্স’ হ্যান্ডেলে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।

তিনি লিখেছেন, “প্রথম দিন থেকেই আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলাম এবং পরিস্থিতি থেকে মুখ ফেরাইনি। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে, কোনও মেধাবী ছাত্রের সম্ভাবনা ‘পরীক্ষা মাফিয়া’র হাতে নষ্ট হতে দেব না বা কোনও ছাত্রের প্রতি কোনও অবিচার হতে দেব না।”

তিনি নিট-ইউজি পরীক্ষার অনিয়ম প্রসঙ্গেও একথা বলেন। এই পরীক্ষাটি প্রথমে ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের কারণে তা ২১ জুন অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে ধর্মেন্দ্র বলেন, “আমি সবসময় আমাদের গণতন্ত্রের শক্তির ওপর অটল বিশ্বাস রেখেছি এবং তরুণদের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রত্যাশাকে গভীরভাবে সম্মান করি। তারা শুধু ভারতের ভবিষ্যৎ নয়; তারা এক নতুন ও উন্নত ভারতের মশালবাহক, স্রষ্টা এবং স্থপতি। গত ১০ দিনের ঘটনায় আমি ব্যথিত।” সূত্র: এনডিটিভি

Exit mobile version