News Times BD

মন্ত্রিসভায় তিন নারী

বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় আছেন তিন নারী সংসদ সদস্য। তারা হলেন আফরোজা খানম রিতা, ফারজানা শারমীন পুতুল এবং শামা ওবায়েদ ইসলাম। এদের মধ্যে রিতা পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে আর পুতুল ও শামা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফারজানা শারমীন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব  পেয়েছেন। গতকাল বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। সেখানে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবার ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন আফরোজা খানম রিতা। প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। স্বাধীনতার পর এ আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রিতা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক। তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনআর রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য। মন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

 

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে এবার ইতিহাস গড়েন ফারজানা শারমীন পুতুল। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থী তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করে আলোচনায় আসেন পুতুল। তিনি বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। বাবার রাজনৈতিক আদর্শ ধরে রেখে এবার নিজেই নির্বাচনি লড়াইয়ে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন পুতুল।  

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। শামা ওবায়েদ যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তফসিল ঘোষণার আগে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন। ফরিদপুরের আঞ্চলিক রাজনীতিতে শামা তাঁর বাবার জনপ্রিয়তার ধারাবাহিকতাকে নিজের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আরও সুসংহত করেন। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি পেশায় ব্যবসায়ী।

Exit mobile version