দীর্ঘ প্রতীক্ষিত তামিল সিনেমা ‘কারুপ্পু’র মুক্তি ঘিরে নাটকীয় মোড় নিয়েছে দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন। আজ বৃহস্পতিবার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনিবার্য কারণবশত সকাল ৯টার শো বাতিল করার ঘোষণা দিয়েছেন এর প্রযোজক এস আর প্রভু। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের বিশেষ অনুমতি থাকা সত্ত্বেও শো বাতিলের এই সিদ্ধান্তে ভক্তদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।
মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় প্রযোজক জানান, কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সকাল ৯টার প্রদর্শনীগুলো বাতিল করতে হচ্ছে। এর আগে গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিজয় সিনেমাটির বিশেষ প্রদর্শনীর অনুমতি দিয়েছিলেন, যা ছিল সাম্প্রতিক সময়ে তামিলনাড়ু সরকারের একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। সচরাচর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে সেখানে বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে ভোরে বা সকালে শোর অনুমতি দেওয়া হয় না। তবু সিনেমাটির জন্য প্রথম দুদিনে পাঁচটি শোর অনুমতি দেওয়া হয়েছিল।
অনলাইন বুকিংয়ে সমস্যা দেখে সিনেমাটির পরিচালক আরজে বালাজি বুধবার রাতে একটি আবেগঘন বিবৃতিতে ভক্তদের ধৈর্য ধরার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন যে, গত ৩২ মাস ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে সিনেমাটি মুক্তির আলো দেখছে এবং বর্তমান সংকট কাটিয়ে উঠতে প্রযোজনা সংস্থা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যদিও এই জটিলতা শুধুমাত্র তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোর জন্য নাকি অন্য রাজ্যের জন্যও প্রযোজ্য, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
আরজে বালাজির রচনা ও পরিচালনায় ‘কারুপ্পু’ সিনেমায় জুটি বেঁধেছেন জনপ্রিয় তারকা সুরিয়া ও তৃষা কৃষ্ণান। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রানস, নাটি এবং সোয়াসিকা। সাই অভয়ঙ্করের সংগীত পরিচালনায় এই সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে থাকলেও মুক্তির শুরুতেই এমন বিপত্তি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। অনেকে এমনকি শো বাতিলের কারণে সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন। আপাতত ৯টার শো বাতিলের পর পরবর্তী প্রদর্শনীগুলো নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন দর্শকরা।
সূত্র: এনডিটিভি
