যুদ্ধবিরতি নিয়ে লেবাননের সরকারের সঙ্গে আগামী সপ্তাহে ওয়াশিংটনে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহকে এই শান্তি আলোচনায় অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার।
রাষ্ট্রদূত ইয়েচিয়েল লিটার বলেছেন, ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ এবং এই সংগঠনটি দুই দেশের মধ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা বলে জানান তিনি।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে একটি টেলিফোন আলাপও অনুষ্ঠিত হয়।
এদিকে, দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহ’র মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত হন। সূত্র: আল-জাজিরা
