রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি ট্রেনে ও স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় গতকাল দুপুরে চারঘাট থানায় একজনকে আসামি করে মামলা হয়েছে।
অভিযুক্ত আশরাফুল ইসলাম (৩৫) চারঘাট উপজেলার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবারও ট্রেনে পপকর্ন বিক্রি করেন। দিনভর বিভিন্ন স্টেশনে বিক্রির পর রাত ১টার দিকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন। স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে নাশতা করার সময় হঠাৎ এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। হামলাকারী প্রথমে স্বামীকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে হামলাকারী তার স্ত্রীকে স্টেশনের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশে কেউ এগিয়ে আসেনি। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয়রা এগিয়ে এসে তাকে ও জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের কাছ থেকে তিনি অভিযুক্তের পরিচয় জানতে পারেন। সরদহ স্টেশনের মাস্টার ইকবাল কবির জানান, গভীর রাতে স্টেশনের পাশে ঘটনাটি ঘটলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি তাদের নজরে আসেনি। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়। চারঘাট থানার ওসি আবদুল মালেক জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
