News Times BD

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত বেড়ে ১২

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলায় শুক্রবার নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছেছে। ইসরাইল জানিয়েছে, তারা হিজবুল্লাহ এবং তাদের ফিলিস্তিনি মিত্র হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়, সেখানে চালানো হামলায় তাদের এক ‘কমান্ডার’ নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পরও ইসরাইল লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। ওই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল এক বছরের বেশি সময় ধরে চলা হিজবুল্লাহর সঙ্গে সংঘাত থামানো। ইসরাইল সাধারণত দাবি করে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালায়। তবে মাঝে মাঝে হামাস যোদ্ধাদেরও লক্ষ্যবস্তু করা হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেকা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় ১০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু আছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর আগে জানিয়েছিল, ওই অঞ্চলে ভারী হামলায় ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালিয়েছে। এই হামলার কয়েক ঘণ্টা আগে দেশটির বৃহত্তম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় দু’জন নিহত হন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

Exit mobile version