News Times BD

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকার একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দু’জন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

এর আগে, রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লেবাননে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

দূতাবাস জানিয়েছে, দু’জনের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আরও এক বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম।

Exit mobile version