জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।
তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এমনকি উপ-প্রধানমন্ত্রী কাম পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের বাংলাদেশে আসার সম্ভাবনাও ক্ষীণ। এমনটাই জানা গেছে ঢাকা ও ইসলামাবাদের দায়িত্বশীল কূটনৈতিক সূত্র মারফত। জানানো হয়, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উভয়ে পূর্বনির্ধারিত ইউরোপ সফরে রয়েছেন।
আর এই প্রেক্ষাপটেই মূলত তাদের হয়ে দেশটির প্রতিনিধিত্ব করতে আসছেন পরিকল্পনামন্ত্রী মি. আহসান ইকবাল।
আহসান ইকবাল ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন এবং বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী।
এদিকে কূটনৈতিক সূত্র আগেই জানিয়েছে- আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসছেন এই শপথে।
এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা যোগ দিচ্ছেন।
১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এই সংসদে ৭৭ আসনে জয়ী হয়ে বিরোধী বেঞ্চে বসছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।
