নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ের একটি ডেলিগেশন পাঠাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান। এমনটাই জানিয়েছে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র। জানানো হয়েছে, ৩ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী অ্যাম্বাসেডর এ বারিস ইকিঞ্চি।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানসহ ১৩ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার। কাল মঙ্গলবার শপথ নিতে যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
কূটনৈতিক সূত্র আগেই জানিয়েছে, আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসছেন শপথে। আর ইসলামাবাদ আভাস দিয়েছে যে, পাকিস্তানের প্রতিনিধি হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে দেশটির মন্ত্রী পদমর্যাদার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সশরীরে হাজির থাকবেন।
তাছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা যোগ দিচ্ছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এই সংসদে ৭৭ আসনে জয়ী হয়ে বিরোধী বেঞ্চে বসছে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট।
