জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।
দ্বিতীয় দফায় ছয়দিনের রিমান্ড শেষে মামুন খালেদকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাকে পুনরায় চারদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। এরপর ২৬ মার্চ প্রথম দফায় ৫ দিন এবং ৩১ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার সঙ্গে অবস্থান নিয়েছিলেন দেলোয়ার হোসেন। অভিযোগ করা হয়েছে, তৎকালীন সরকারের অনুসারী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালালে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরবর্তী সময়ে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই সাবেক এই সামরিক কর্মকর্তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাইয়ের ছাত্র আন্দোলনে বলপ্রয়োগ ও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নির্দেশদাতাদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
