News Times BD

স্তন ক্যান্সার শনাক্তে নতুন দিগন্ত খুলবে এআই?

স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কতটা কার্যকর, তা যাচাইয়ে বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস)। এ উদ্যোগের আওতায় দেশটির প্রায় সাত লাখ নারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

‘এডিথ’ নামের এ গবেষণায় স্তনের এক্স-রে বা ম্যামোগ্রাম বিশ্লেষণে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে ক্যান্সার দ্রুত শনাক্ত করার পাশাপাশি চিকিৎসাকর্মীদের কাজের চাপ কমানো সম্ভব কি না, তা যাচাই করবেন গবেষকেরা।

একই সঙ্গে অপ্রয়োজনীয় রোগনির্ণয় ও পরবর্তী পরীক্ষার জন্য নারীদের হাসপাতালে ডেকে পাঠানোর ঝুঁকিও মূল্যায়ন করা হবে।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটালসে ইতোমধ্যে গবেষণায় অংশগ্রহণকারী নিয়োগ শুরু হয়েছে। দেশজুড়ে মোট ৩০টি কেন্দ্রে এ পরীক্ষা পরিচালিত হবে। ৫০ থেকে ৭১ বছর বয়সী নারীদের প্রতি তিন বছর অন্তর বিনা মূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের আমন্ত্রণ জানানো হয়। প্রতিবছর দুই মিলিয়নের বেশি নারী এ কর্মসূচিতে অংশ নেন।

বর্তমানে প্রতিটি ম্যামোগ্রাম দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা করেন। নতুন গবেষণায় তাদের একজনের পরিবর্তে এআই ব্যবহার করে ফলাফলের নির্ভুলতা যাচাই করা হবে। ১ কোটি ১০ লাখ পাউন্ড ব্যয়ের এ গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ (এনআইএইচআর)। গবেষণাটি প্রায় তিন বছর চলবে।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণাটির সহপ্রধান সিয়ান টেইলর-ফিলিপস বলেন, এআইয়ের সহায়তায় ক্যান্সার দ্রুত শনাক্ত করা সম্ভব হতে পারে। তবে এমন রোগ শনাক্ত করা এড়াতে হবে, যা কখনও উপসর্গ সৃষ্টি করত না বা নারীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতো না।

যুক্তরাজ্যে নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যান্সার। প্রতিবছর প্রায় ৫৯ হাজার নারী এ রোগে আক্রান্ত হন। নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে এর প্রায় এক-তৃতীয়াংশ শনাক্ত হয়। দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ কর্মসূচি প্রতিবছর প্রায় ১ হাজার ৩০০ নারীর মৃত্যু ঠেকাতে সহায়তা করে।

এনএইচএস ইংল্যান্ডের ক্যান্সারবিষয়ক জাতীয় পরিচালক পিটার জনসন বলেন, প্রতিটি স্ক্যান বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পর্যালোচনা করা হবে। পরীক্ষায় এআইয়ের কার্যকারিতা প্রমাণিত হলে নারীরা আরও দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসার সুযোগ পাবেন। সূত্র: বিবিসি

Exit mobile version