News Times BD

স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে : উত্তরায় দম্পতিকে অচেতন করে বাসায় লুট

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক দম্পতিকে অচেতন করে বাসার জিনিসপত্র লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী মারা গেছেন এবং স্বামীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারা যাওয়া ওই নারীর নাম আয়শা আক্তার (৬২)। তাঁর স্বামী আনোয়ার হোসেন (৬৮)।

 

মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ তাঁর স্বামী আনোয়ার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ গণমাধ্যমনে জানান, দুই দিন আগে ওই বাসায় একজন কাজের মেয়ে নিয়োগ করা হয়।

ওই গৃহকর্মী তাঁদের কোনো খাবারের সঙ্গে চেতনানাশক প্রয়োগ করে বাসা থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পেয়ে তদন্ত চলছে। রাত পৌনে ৮টার দিকে জরুরি সেবার নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। উত্তরার ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ভবনের ছয়তলায় ছোট ছেলের সঙ্গে থাকতেন এই দম্পতি।

পুলিশ বলছে, দুই দিন আগে বাসার তত্ত্বাবধানকারীর মাধ্যমে মারুফা নামের এক গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হয়। ছেলে বেড়াতে যাওয়ায় তাঁরা শুধু দুজনই বাসায় ছিলেন। তবে গৃহকর্মীর কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। কোনো আইডি কার্ড বা ফোন নম্বর রাখা হয়নি।

Exit mobile version