News Times BD

স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর সম্ভব নয় : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর। বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।

বুধবার সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে অনুষ্ঠিত ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং টেকসই সমাধান অনুসন্ধানের লক্ষ্যে ঢাকায় ‘নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন। 

 

আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল সবকিছু মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে। 

তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আলী হোসেন ফকির বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই আসে ট্রাফিক পুলিশের মাধ্যমে। একজন ট্রাফিক সার্জেন্ট যখন রাস্তায় দাঁড়ান, তিনি শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না; তিনি রাষ্ট্রের আইন এবং শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তার আচরণ, পেশাদারত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান। 

কর্মশালার মূল প্রবন্ধকার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ। 

প্রবন্ধে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, যানজটের কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং প্রযুক্তিনির্ভর ও নীতিনির্ধারণভিত্তিক উদ্ভাবনী সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস) মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা এবং অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন। তারা ঢাকার নগর ট্রাফিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন।

Exit mobile version