নিজস্ব প্রতিবেদক | হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নতুন বাজার বাইসাইকেলপাড়া মৎস্যজীবী দলের সভাপতি মো. রবিকুল ইসলাম মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার উপর অতর্কিত হামলা, মারধর, হত্যাচেষ্টা । এ ঘটনায় তিনি হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৯টা এবং ১৬ জুলাই রাত ১১টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং তার কাছে থাকা নগদ ১ লাখ ৪৫ হাজার ৪৮০ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
আহত রবিকুল ইসলাম জানান, হামলায় তিনি গুরুতর আহত হলে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার পর তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হোসেনপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
