হোসেনপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার সিদলা ইউনিয়নের চর পিতলগঞ্জ গ্রামের বাসিন্দা কৃষক অনিক মিয়ার গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা ভেতরে ঢুকে পড়ে। পরে তারা চারটি গরু নিয়ে সটকে পড়ে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় এ চুরি সংঘটিত হয়। চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে একটি লাল, একটি ন্যাড়া লাল, একটি হালকা কালো এবং একটি কালো বকনা গরু। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক অনিক মিয়া শুক্রবার (১০ এপ্রিল) হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অনিক মিয়া বলেন, চুরি হওয়া গরুগুলো বিক্রি করে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু এ ঘটনায় তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।
হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here