News Times BD

১২ মাসের মধ্যে শাহজালালের থার্ড টার্মিনাল অপারেশনাল কার্যক্রমে আসবে

আগামী ১২ মাসের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল অপারেশনাল কার্যক্রমে আসবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

সোমবার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, থার্ড টার্মিনাল আসছে ডিসেম্বরে উদ্বোধনের চেষ্টা থাকবে। কাজের মান নিয়ে এখনও বড় ধরনের কোন প্রশ্ন দেখছি না। ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিই জুন ২০২৭ পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের নিয়মিত রক্ষণাবেক্ষণ করে যাবে। মেশিনারিজের সমস্যা হবে না।

তিনি বলেন, থার্ড টার্মিনালে ইন্টারনেট সমস্যা হবে না। টেলিটকের সাথে অন্য অপারেটরগুলো এক হয়ে কাজ করবে নেট সার্ভিসের জন্য। জায়গা রেন্টের বিষয়ে টেলিটক ভাড়া দেবে। এটা নিশ্চিত হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, চলতি বছরের জুন থেকে থার্ড টার্মিনালের ঋণ পরিশোধের প্রথম কিস্তি দেওয়া শুরু হবে। ২০৫৬ সাল পর্যন্ত চলবে। প্রতিবছর ৮০০-৮৫০ কোটি টাকা হতে পারে।

তিনি বলেন, থার্ড টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় বাংলাদেশ বিমানের সাথে আরেকটি বিদেশি প্রতিষ্ঠান কাজ করবে। নির্ধারণ করবে জাপানিজ সুমিতো কোম্পানি।

Exit mobile version