৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে।
বুধবার ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্র তালিকা এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পর্ষদের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। প্রিলিতে মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আর ৫০তম বিসিএস প্রিলির পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন। গত ৩০ জানুয়ারি ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসির তথ্য অনুযায়ী, ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ স্বাস্থ্য ক্যাডারে হবে, যেখানে ৬৫০ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন ও পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তার নিয়োগ সুপারিশ করা হবে। অন্যান্য ক্যাডার পদগুলোতেও পরীক্ষার ভিত্তিতে পদায়ন করা হবে।
পিএসসি সূত্র আরও জানায়, ৫০তম বিবিএসের কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে তারা। এক্ষেত্রে চলতি বছরের মধ্যেই সব কার্যক্রম শেষ করার চেষ্টা করা হচ্ছে।
