ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েলের বেইত শেমেশ শহরে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন আরও একটি মরদেহ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদক এমানুয়েল ফ্যাবিয়ান ও লাজার বারম্যানের পাঠানো খবর অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি শহরের একটি আবাসিক এলাকায় সরাসরি আঘাত হানে। এতে একটি সিনাগগ (ইহুদি উপাসনালয়) সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া পার্শ্ববর্তী একটি পাবলিক বোম্ব শেল্টার এবং বেশ কিছু বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেইত শেমেশের মেয়র শমুয়েল গ্রিনবার্গ জানিয়েছেন, এখনও ওই এলাকার অন্তত ২০ জন বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন যে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া মানেই তাদের বড় কোনো ক্ষতি হওয়া নয়। নিখোঁজদের অবস্থান শনাক্তে এবং তাদের উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকায় জরুরি সেবা সংস্থার কর্মীরা ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল




