দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে এক হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ১৮০ দিনের মধ্যে এ কাজের অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (দুপুর ১২টা) গাজীপুরের শ্রীপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রভাবশালী মহল বিভিন্ন সময় খাল দখল করে সেখানে মার্কেট বা বাড়িঘর নির্মাণ করেছে। ‘খাল সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি এবং জনসাধারণের জন্য সংরক্ষিত। তাই জনস্বার্থে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বৃহৎ আকারে বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘শপথ নেওয়ার এক সপ্তাহও পার হয়নি; দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই আমরা কাজ শুরু করেছি,’ যোগ করেন মন্ত্রী।
মন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ইতোমধ্যে দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, শিল্প-কারখানা বন্ধ না করে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। খালপাড়ের শিল্পকারখানাগুলোর বর্জ্য নিষ্কাশনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে।
চৌক্কার খালের দুই পাশে শিল্পকারখানা ও বসতবাড়ি থাকায় পুনঃখননের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক রাখা এবং জলাবদ্ধতা নিরসনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক আলম হোসেন এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।




