মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তবে, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তারা।
কানাডার ক্যানবেরায় কার্নির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আলবেনিজ সাংবাদিকদের বলেন, বিশ্ব উত্তেজনা প্রশমিত হতে দেখতে চায়… যেসব উপসাগরীয় দেশ এই যুদ্ধে জড়িত ছিল না, আমরা দেখছি তারাও সর্বত্র হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও পর্যটন এলাকাতেও হামলা হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজের মতো উত্তেজনা হ্রাসের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে কার্নি বলেন, এই মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়ছে, আমরা তা স্বীকার করি। তবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ হতে হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য এগুলো অপরিহার্য শর্ত।
শনিবার থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতি সমর্থন জানান উভয় নেতা।
ইরানের ওপর হামলায় যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন কিনা— এ প্রশ্নের জবাবে কার্নি জানান, অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি বাতিল করতে পারেন না তিনি, তবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে পার্থক্য টানেন।
তিনি বলেন, আমরা সব সময় কানাডিয়ানদের স্বার্থ রক্ষা করব। প্রয়োজনে আমরা সব সময় আমাদের মিত্রদের পাশে দাঁড়াব এবং তাদের রক্ষা করব।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান




