ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায়নি এবং কাউকে সমঝোতা করার অনুরোধও করেনি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ দেখছে না তেহরান।
সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আরাগচি বলেন, আমরা বুঝতে পারছি না কেন আমেরিকানদের সঙ্গে কথা বলা উচিত। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।
তিনি আরও বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ। আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তি করতে চাইছে। তবে সেই চুক্তিতে তিনি আগ্রহী নন, কারণ প্রস্তাবিত শর্তগুলো তার কাছে সন্তোষজনক নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট আশা প্রকাশ করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।
এবিসি নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমার মনে হয় এই সংঘাত অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। সম্ভব হলে এর আগেও শেষ হতে পারে।
ক্রিস রাইট বলেন, সংঘাত শেষ হলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমে আসতে পারে।
তার মতে, যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ পুনরুদ্ধার হবে এবং এর ফলে তেলের দামের ওপরও নিম্নমুখী চাপ তৈরি হবে।




