জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষক সমিতির সভাপতি ও সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। এর আগে তিনি কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। 

নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. রইছ উদ্‌দীন বলেন, আলহামদুলিল্লাহ নিয়োগের বিষয়টি জেনেছি। প্রজ্ঞাপন এখনও হাতে পাইনি। নতুন এ দায়িত্ব পালনে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করব। একটি সুশৃঙ্খল ক্যাম্পাস বিনির্মাণে ভূমিকা রাখব। সবচেয়ে বেশি অগ্রধিকার থাকবে জবিয়ানদের মৌলিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে। 

এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক মো. রেজাউল করিমকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক রইছ উদ্‌দীনকে নিয়োগ দেওয়া হলো। 

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন।

এছাড়া কুয়েটের উপাচার্য হিসেবে চূাড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে চেয়ারম্যান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here